মিরসরাইয়ে প্রতিরক্ষা শিল্প অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত, বরাদ্দ ৮৫০ একর জমি
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রতিরক্ষা শিল্প অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, এ লক্ষ্যে ৮৫০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এই জমিটি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। তবে প্রকল্পটি গত বছরের জুনে বাতিল হওয়ায় বর্তমানে জমিটি খালি রয়েছে। সেখানেই নতুন করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে।
তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য বিদ্যমান বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির মতো সরকারি কারখানা গড়ে তোলা নয়। বরং প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ এবং বিদেশি অংশীদারদের সঙ্গে সরবরাহ চেইন তৈরির মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বাড়ানো হবে। ভবিষ্যতে বেসরকারি খাতকেও যুক্ত করার সুযোগ থাকবে।

আশিক চৌধুরী জানান, দেশে অনেক সময় সাধারণ সামরিক সরঞ্জামেও ঘাটতি দেখা যায়। এ কারণে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলা জরুরি। প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং প্রথম পাঁচ বছরে জমির একটি ছোট অংশ ব্যবহার করা হবে।
বৈঠকে আরও জানানো হয়, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ থেকে ৬৫০ একর জমিতে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। দুবাইয়ের জেবেল আলি ফ্রি জোনের আদলে এই অঞ্চল গড়ে উঠবে, যেখানে শুল্ক জটিলতা ছাড়াই পণ্য সংরক্ষণ, উৎপাদন ও পুনরপ্তানির সুযোগ থাকবে। তবে এজন্য বিদ্যমান কয়েকটি আইন সংশোধনের প্রয়োজন হবে।
এছাড়া কুষ্টিয়া সুগার মিল এলাকাকে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ সহজ করতে বেজা, বিডা ও অন্যান্য সংস্থাকে একীভূত করার অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিতে নগদ প্রণোদনার ব্যবস্থাও চালু হবে বলে জানানো হয়েছে।