Home Newsমেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন করলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক

মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন করলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক

by The Press Room
0 comments

ঢাকা: মেট্রোরেল অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম।

নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এবং সেফটি অডিট কমিটির প্রতিবেদনের আলোকে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ২০ জুলাই ২০২৬ সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন পিয়ার নম্বর ৪২৩ এবং আগারগাঁও স্টেশনসংলগ্ন পিয়ার নম্বর ৩৪১-ও সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া, ম্যানলিফটের মাধ্যমে সংসদ ভবনসংলগ্ন পিয়ার নম্বর ৪২৩-এর বিয়ারিং প্যাড এবং আগারগাঁওসংলগ্ন পিয়ার নম্বর ৩৪১-এর পিয়ার হেড সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে তিনি মেট্রোরেল স্থাপনার নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং যাত্রী ও অবকাঠামোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে পরিচালিত হচ্ছে এবং যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আধুনিক গণপরিবহন সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

You may also like

Leave a Comment