ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের আয়োজনে রুয়াপে সফলভাবে সম্পন্ন হলো উত্তেজনাপূর্ণ ক্রিকেট লিগ

চ্যাম্পিয়ন সুপ্রিম কিংস
রুয়াপ এলাকার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে সফলভাবে শেষ হলো RUAP CRICKET LEAGUE Season 6। ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
২০১৯ সালে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একদল উদ্যমী তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে ব্রাদার্স ইউনাইটেড ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি নিয়মিতভাবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উন্মুক্ত পাঠাগার নির্মাণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালের ২৮ নভেম্বর শুরু হয় RUAP CRICKET LEAGUE Season 6। ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, প্রতিযোগিতা ও দৃষ্টিনন্দন ক্রিকেট।

টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস গড়ে সুপ্রিম কিংস। RUAP CRICKET LEAGUE এর ইতিহাসে প্রথমবার অংশগ্রহণ করেই তারা শক্তিশালী RUAP Cricket Lovers দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। পুরো আসরজুড়ে ধারাবাহিক ও দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেয় দলটি।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব এ এস এম রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক জনাব আবদুর রাজ্জাক এবং সাবেক জাতীয় ক্রিকেটার জনাব হাসিবুল হোসেন শান্ত।

অতিথিবৃন্দ খেলা উপভোগ করার পাশাপাশি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
দীর্ঘ ১৯টি রোমাঞ্চকর ম্যাচ শেষে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে সুপ্রিম কিংস। অধিনায়ক এস এ বাধন ও তার দলের দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় হয়ে থাকবে RUAP CRICKET LEAGUE Season 6।
Supreme Kings — the Champion of RUAP CRICKET LEAGUE Season 6.


1 comment
Had a good time participating in the tournament.