Home Newsদেশের মাটিতে পায়ের ছাপ রেখে ইতিহাস গড়লেন তিন তরুণ

দেশের মাটিতে পায়ের ছাপ রেখে ইতিহাস গড়লেন তিন তরুণ

by The Press Room
0 comments

দেশের দক্ষিণতম প্রান্ত কক্সবাজারের টেকনাফ থেকে উত্তরতম প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া দীর্ঘ ১,০২০ কিলোমিটারের এই ঐতিহাসিক মহাযাত্রা সম্পন্ন করে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন তিন তরুণ দৌড়বিদ। Duotir “রান ফর বাংলাদেশ” শিরোনামের এই অভূতপূর্ব অভিযান ৮ই মে শুক্রবার সফলভাবে সমাপ্ত হয়েছে। তাদের এই অভিযাত্রার মুল প্রতিপাদ্য ছিল ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, নারী শিক্ষা ও শিশুস্বাস্থ্যের হোক জয়জয়কার’

গত ২১ এপ্রিল টেকনাফ থেকে যাত্রা শুরু করেন তিন দুঃসাহসী দৌড়বিদ আসিফুল হক পাভেল, এহসানুল হক সানি ও আসিফ আকবর এবং তাঁদের সাইক্লিস্ট সাপোর্ট পার্টনার মোহাম্মদ আব্দুল্লাহ। টানা ১৮ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা, নদীপথ ও দুর্গম অঞ্চল অতিক্রম করে তাঁরা শুক্রবার তেঁতুলিয়ায় পৌঁছান। প্রতিদিন গড়ে প্রায় ৬০ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছেন এই চার অদম্য তরুণ।

যাত্রাপথ কোনোভাবেই সহজ ছিল না। কখনো তীব্র রোদ, কখনো প্রবল বৃষ্টি ও ঝড় প্রতিটি পদক্ষেপে প্রকৃতির সাথে লড়াই করতে হয়েছে এই দলকে। তবে অভিযানের সবচেয়ে রোমহর্ষক অধ্যায় ছিল যমুনা নদী পার হওয়া। তীব্র স্রোত ও অবিরাম বৃষ্টির মধ্যে সাঁতার কেটে তাঁরা প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার প্রশস্ত যমুনা নদী অতিক্রম করেন  যা এই অভিযানকে নিছক একটি দৌড় থেকে রূপান্তরিত করেছে এক অসাধারণ মানবিক সংগ্রামে।

“রান ফর বাংলাদেশ” অভিযানের মূল উদ্দেশ্য ছিল সুস্থ জীবনযাপনের প্রচার এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান সামাজিক সমস্যা সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। যাত্রাপথে দারিদ্র্য, পরিবেশ দূষণসহ বিভিন্ন এলাকার মানুষের বাস্তব জীবনচিত্র প্রত্যক্ষ করেছেন তাঁরা এবং সেই অভিজ্ঞতাগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরেছেন।

উল্লেখ্য যে, দলের দুই সদস্য পাভেল ও সানি উত্তরা সেক্টর ১৮-তে অবস্থিত ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের সদস্য। ক্লাবটি এই ঐতিহাসিক অভিযানের অন্যতম বেভারেজ পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সমগ্র যাত্রায় অ্যাথলেটদের মনোবল ও অনুপ্রেরণার অটল উৎস হয়ে পাশে থেকেছে।

পাভেল, সানি, আসিফ ও আব্দুল্লাহর এই অসাধারণ অভিযান কেবল একটি ক্রীড়া কীর্তি নয় এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার মশাল। দেশকে ভালোবেসে, তার মাটি ও মানুষের কথা ভেবে নিজের শরীর ও মনের সীমা অতিক্রম করার এই দৃষ্টান্ত প্রমাণ করে সংকল্প ও দেশপ্রেম থাকলে অসাধ্য সাধন করা সম্ভব।

You may also like

Leave a Comment