এই চেনা ভিড়ে একটা তীব্র শূন্যতা কি আমাদের চোখে পড়ে?
এত শিশুর মাঝে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম, ডাউন সিন্ড্রোম বা শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত) শিশুরা কোথায়? তারা কি এই আনন্দের সমান অংশীদার, নাকি তারা ঘরের চারদেয়ালে বন্দি?
আমাদের সমাজ কি আসলেই তাদের জন্য উপযুক্ত জায়গা তৈরি করতে পেরেছে, নাকি এক অদৃশ্য দেয়াল তুলে তাদের আড়াল করে রেখেছে?
বাস্তব চিত্র: খেলার মাঠ বনাম অদৃশ্য দেয়াল
রঙিন রুয়াপের পার্ক বা পাবলিক প্লেসগুলোর অবকাঠামোর দিকে তাকালে এক নির্মম বাস্তব চিত্র ফুটে ওঠে। আমাদের চারপাশের দোলনা, স্লিপার বা রাইডগুলো কি হুইলচেয়ার ব্যবহারকারী কিংবা একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর জন্য উপযোগী? উত্তর হলো—না। অবকাঠামোগত এই প্রতিবন্ধকতার চেয়েও বড় বাধা হলো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। কোনো মা-বাবা যদি অনেক সাহস বুকে নিয়ে তাদের বিশেষ শিশুটিকে পার্ক বা সামাজিক অনুষ্ঠানে নিয়ে আসেনও, আশেপাশের মানুষের তাকানোর ভঙ্গি কেমন হয়? কৌতূহল, অবহেলা কিংবা করুণার দৃষ্টি কি সেই শিশু আর তার পরিবারকে সমাজ থেকে আরও বেশি গুটিয়ে দেয় না?
বাস্তবতা হলো, ১৯৫০ এবং ৬০ এর দশকে ড. এ. জিন আয়ার্স (Dr. A. Jean Ayres) নামের একজন অকুপেশনাল থেরাপিস্ট ও বিজ্ঞানী প্রথম একটি তত্ত্ব সামনে আনেন।
বিভিন্ন নিউরোসায়েন্টিফিক এবং ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে, প্রায় ৯০% থেকে ৯৫% অটিস্টিক শিশুর ‘সেন্সরি প্রসেসিং’ বা ইন্দ্রিয়গত তথ্যের সমন্বয়ে সমস্যা থাকে।
সাধারণ মানুষের ব্রেইন চারপাশের আলো, শব্দ বা স্পর্শকে যেভাবে গ্রহণ করে, তাদের ব্রেইন তা পারে না। ফলে তীব্র আলো বা কোলাহলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘মেল্টডাউন‘ বলা হয়। সমাজ এই বিজ্ঞানসম্মত বাস্তবতাকে না বুঝে তাদের ‘অস্বাভাবিক’ তকমা দিয়ে সমাজ থেকে দূরে সরিয়ে রাখছে।

অন্তর্ভুক্তি (Inclusion) কেন জরুরি?
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজ থেকে করুণা বা দয়া চায় না, তারা চায় তাদের মৌলিক অধিকার এবং স্বাভাবিক জীবন। আর এই অধিকার নিশ্চিত করার নামই হলো ‘অন্তর্ভুক্তি’ বা ‘ইনক্লুশন’। বিজ্ঞানের আলোকেই যদি আমরা দেখি, তবে অন্তর্ভুক্তি তাদের জন্য কোনো বিলাসিতা নয়, এটি এক পরম প্রয়োজনীয়তা:
- মস্তিষ্কের বৈজ্ঞানিক বিকাশ: ‘আমেরিকান জার্নাল অব অকুপেশনাল থেরাপি’ (AJOT)-এর ২০১৩ এবং ২০২৩ সালের গবেষণায় দেখা গেছে, যেসব অটিস্টিক শিশুকে সপ্তাহে অন্তত ৩ ঘণ্টা করে নির্দিষ্ট সেন্সরি খেলাধুলা বা থেরাপি দেওয়া হয়েছে, ১০ থেকে ২৪ সপ্তাহ পর তাদের সামাজিক যোগাযোগ এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা সাধারণের চেয়ে অনেক উন্নত হয়েছে।
- আচরণগত সমস্যার স্থায়ী সমাধান: চিকিৎসাবিজ্ঞানের আধুনিক ‘নিউরোপ্লাস্টিসিটি’ (Neuroplasticity) গবেষণায় প্রমাণিত হয়েছে, ছোটবেলা থেকেই যদি শিশুদের স্বাভাবিক পরিবেশে সেন্সরি খেলাধুলার সুযোগ দেওয়া যায়, তবে ব্রেইনের কার্যপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আসে। ব্রেইন নতুন উদ্দীপনায় অভ্যস্ত হতে শেখে, ফলে বড় বয়সে আচরণগত সমস্যা অনেক কমে আসে। পার্কের একটি বিশেষ দোলনা বা খেলনা মূলত তাদের মস্তিষ্কের বিকাশের বড় ওষুধ।
- সহমর্মী সমাজ গঠন: সাধারণ শিশুরা যখন ছোটবেলা থেকেই খেলার মাঠে একটি বিশেষ শিশুর সাথে বড় হবে, তখন তারা বড় হয়ে আরও বেশি মানবিক, সহনশীল ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।
আমাদের করণীয়: একটি সহমর্মী কমিউনিটি গড়ে তোলা
শিশুদের খেলার মাঠে পরিবর্তন:
- পাখির বাসার মতো দোলনা (Nest Swings): সাধারণ দোলনায় পড়ে যাওয়ার ভয় থাকে। গোল চ্যাপ্টা জালের মতো দোলনা (Nest swing), অটিস্টিক বাচ্চাদের শরীরের ভারসাম্য ও গতির অনুভূতি (Vestibular input) ঠিক করতে দারুণ কাজ করে।
- শান্ত কোণ (Cozy Cocoons): পার্কের এক কোণে ছোট ছোট খোপ বা কাপড়ের তৈরি ঝুলন্ত টানেল রাখা উচিত, যাতে চারপাশের আওয়াজে বাচ্চা ভয় পেলে (Sensory Overload) সেখানে গিয়ে কিছুক্ষণ একা বসে শান্ত হতে পারে।
- স্পর্শ ও শব্দের দেয়াল এবং ভিজ্যুয়াল বোর্ড: দেয়ালে বিভিন্ন টেক্সচারের জিনিস (যেমন: খসখসে কাঠ, মসৃণ পাথর) এবং চাপ দিলে মৃদু শব্দ হয় এমন বাদ্যযন্ত্র রাখা। যারা মুখে কথা বলতে পারে না, তাদের জন্য ছবির মাধ্যমে ইচ্ছা প্রকাশের জন্য ‘ভিজ্যুয়াল সাইন বোর্ড’ রাখা।
প্রাপ্তবয়স্ক বা বড়দের জন্য পার্কের নকশা:
- ইন্দ্রিয় সচেতন বাগান ও বৃত্তাকার পথ: তীব্র গন্ধহীন মৃদু সুবাসের ফুল (যেমন: বেলি) দিয়ে বাগান করা। গোল বা লুপ আকৃতির হাঁটার পথ অটিস্টিক বড়দের জন্য নিরাপদ অনুভূতি দেয়, কারণ তারা দিক হারানোর ভয় পায় না।
- সমান্তরাল বসার ব্যবস্থা (Parallel Seating): অটিস্টিক ব্যক্তিরা মুখোমুখি বসে আই-কন্ট্যাক্ট (Eye contact) করতে অস্বস্তি বোধ করেন। তাই পার্কের বেঞ্চগুলো মুখোমুখি না দিয়ে সমান্তরাল বা এল-শেপ (L-shape) করা উচিত।
- পানির মৃদু শব্দ (Water Features): কৃত্রিম ফোয়ারার পানির মৃদু শব্দ চারপাশের গাড়ির হর্ন বা কোলাহলের শব্দকে ঢেকে দেয় (White noise) এবং মস্তিষ্ককে শান্ত করে।
মানুষের দৃষ্টিভঙ্গি ও আচরণগত পরিবর্তন :
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সমাজ হিসেবে আমাদের প্রতিদিনের আচরণ এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা সবচেয়ে বেশি প্রয়োজন। এর জন্য আমাদের যা করা উচিত:
- কৌতূহলী বা করুণার দৃষ্টি পরিহার করা: পার্ক বা রাস্তায় কোনো বিশেষ শিশু যদি হাইপার-অ্যাক্টিভ আচরণ করে কিংবা কান্নাকাটি (Melt-down) করে, তবে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা বা করুণা দেখানো বন্ধ করতে হবে। আমাদের অতিরিক্ত কৌতুহল সেই শিশুর মা-বাবাকে ভীষণ অপরাধী এবং অসহায় ফিল করায়।
- বিচারক (Judging) না হওয়া: কোনো বাচ্চার আচরণ অস্বাভাবিক দেখলে “মা-বাবা শাসন শেখায়নি” বা “অসভ্য বাচ্চা”—এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, বাচ্চাটি হয়তো কোনো তীব্র সেন্সরি ওভারলোডের মধ্য দিয়ে যাচ্ছে যা আপনার খালি চোখে দেখা যাচ্ছে না।
- সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া: তীব্র কোলাহলে কোনো বিশেষ শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি সমস্যায় পড়লে তার পরিবারকে জায়গা দিন, প্রয়োজনে চারপাশের আওয়াজ বা আলো কমাতে সাহায্য করুন। তাদের সান্ত্বনা দিয়ে বলুন, “সব ঠিক আছে, আপনি সময় নিন।” এই একটি বাক্য একজন অভিভাবকের জন্য আকাশসম মানসিক শক্তি।
- আমাদের সন্তানদের সহমর্মিতা শেখানো: ঘরে নিজের সাধারণ সন্তানকে শেখান যেন তারা খেলার মাঠে কোনো বিশেষ শিশুকে দেখে দূরে ঠেলে না দেয় বা ক্ষ্যাপানো শুরু না করে। তাদের শেখাতে হবে যে, শারীরিক বা মানসিকভাবে একটু ভিন্ন হলেও তারা আমাদেরই বন্ধু।
শেষ কথা
রুয়াপের ক্যানভাস তখনই সত্যি রঙিন এবং পূর্ণাঙ্গ হয়ে উঠবে, যখন পার্কের দোলনায় একটি সাধারণ শিশুর হাসির সাথে মিশে যাবে একটি বিশেষ শিশুর খিলখিলানি। সমাজ হিসেবে আমাদের করুণার চোখ বন্ধ করে, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। আসুন, আড়ালের অদৃশ্য দেয়াল ভেঙে আমরা এমন এক অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি, যেখানে কোনো শিশুই আর অবহেলায় আড়ালে হারিয়ে যাবে না।

অদৃশ্য দেয়াল ভাঙার গান
লেখক: অরণ্য (The Press Room)